বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ লাখ টাকার হেরোইন, ১০টি ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির সরঞ্জামাদিসহ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট সিএনবি পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন, ৩ হাজার টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট (এ্যাম ভিটামিন) ও কাগজে মোড়ানো মাদক বিক্রয়ের স্টেইনলেস স্টিলের দাঁড়িপাল্লা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা ভাটগ্রাম মধ্যপাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে রফিকুল ইসলাম রফিক (৩০) ও ভাটগ্রাম পূর্বপাড়ার আব্দুল জলিলের ছেলে আবু রায়হান (৩২)। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কুন্দারহাট ও ভাটগ্রাম এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এদের বিরুদ্ধে ডাকাতিসহ থানায় একাধিক মামলা রয়েছে।

এমবি