আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে রাজশাহী জেলা জজ আদালতে নেয়া হয়েছে।
আজ (২৫ জুলাই) বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবীর সরকারের আদালতে তাকে হাজির করা হয়।
এদিকে, মাওলানা সাঈদীর হাজিরা উপলক্ষে আদালতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া সাঈদীকে একনজর দেখতে আদালতে ভিড় করেছেন উৎসুক জনতা।
কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে গত সপ্তাহেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। এরপর বিষয়টি গোপনই রাখা হয়। তবে বৃহস্পতিবারের হাজিরা উপলক্ষে আগের দিন বুধবার (২৪ জুলাই) থেকেই আদালতে নিরাপত্তা জোরদার করা হলে বিষয়টি প্রকাশ পায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় হুকুমের আসামি দেলাওয়ার হোসাইন সাঈদী।
রাষ্ট্রপক্ষে এই মামলা পরিচালনা করছেন ওই আদালতের এপিপি শিরাজী শওকত সালেহীন। আর আসামিপক্ষে মিজানুর রহমানের নেতৃত্বে একটি প্যানেল এই মামলা লড়ছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালতে মামলার শুনানি চলছে।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক নিহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদেরও অভিযুক্ত করা হয়।
এই মামলাতেই বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজশাহীর আদালতে মাওলানা সাঈদীর হাজিরা দেয়ার কথা রয়েছে।
এমবি





