মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ঘাটে বৈরী আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন।
দুর্ঘটনা এড়াতে রবিবার বেলা সাড়ে ১০টার দিকে ফেরি ছাড়া সব নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, ‘সকালে প্রশাসন পরীক্ষামূলকভাবে একটি যাত্রীশূন্য লঞ্চ নিয়ে পদ্মার মাঝে গিয়ে উত্তাল ঢেউয়ের কারণে ফিরে আসতে বাধ্য হয়। পরে বিষয়টি নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লঞ্চ ও স্পিডবোট চলাচল অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ রাখা হবে।’
বেলা সোয়া ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে বলে জানান ইউএনও।
এএইচ





