ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলার তজুমদ্দিন উপজেলায় দু’জনের মৃত্যু হয়েছে। এতে অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশিগঞ্জ গ্রামের নয়নে স্ত্রী রেখা বেগম (৩৫) ও একই এলাকার মো. মফিজের ছেলে আকরাম (১৪)।

উপজেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (পিআরও) মো. রাশেদ খান এ তথ্য জানান।

তিনি জানান, ঘ‍ূর্ণিঝড়ে ভোর সোয়া ৪টার দিকে ঘর চাপা পড়ে ওই কিশোর গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ৬টায় তার মৃত্যু হয়।

প্রাথমিক ওই নারীর মৃত্যুর বিষয়ে কিছু জানা যায়নি।

ঘূর্নিঝড় রোয়ানুর প্রভাবে ভোলার ৪ উপজেলার অন্তত ৮ টি গ্রাম প্লাবিত হয়েছে। চরফ্যাশন উপজেলার কুকরী-মুকরী, মনপুরা উপজেলার হাজীরহাট, ঢালচর, কলাকলীর চর এবং তজুমদ্দিন ও দৌলতখান উপজেলার নদীর র্তীরের নিচু এলাকা প্লাবিত হয়েছে।

সেখানকার অধিকাংশ এলাকা ২/৩ ফুট পানিতে তলিয়ে গেছে। শুক্রবার রাত থেকে এসব এলাকা পানিতে প্লাবিত হয়েছে। ভেসে গেছে কাঁচা ঘর। অনেক মানুষ সাইক্লোন সেল্টারে আশ্রয় নিয়েছে।

এদিকে, রোয়ানুর প্রভাবে জোয়ারের পানির তীব্র স্রোতের কারনে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে মেঘনার ভাঙন বেড়েছে।

ওই এলাকার বাসিন্দা মো. হাফিজ, ছগির ও ছানাউল্লাহ জানান, বিকেল থেকে মেঘনার নদীর স্রোত অনেক বেড়েছে। যার কারনে ভাঙনও বেড়েছে।

এমআর/এমবি