লোকনাট্য গোষ্ঠীর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাট্যোৎসব ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। এবারের সম্মাননা পেলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বাংলাদেশ শিল্পীকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিশিষ্ট্য নাট্যজন সারা যাকের, এসএম মহসীন, ব্যাংকার ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ও যাত্রানট হাবিব সারোয়ার।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে লোকনাট্য গোষ্ঠীর উদ্যোগে এ গুণীজন সম্মাননার আয়োজন করা হয়।
ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধান অতিথি মঞ্চসারথি আতাউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আতাউর রহমান বলেন, ‘মঞ্চ নাটক আমাদের মুক্তিযুদ্ধের সেরা অর্জন। লোকনাট্যগোষ্ঠী মঞ্চ নাটকের পাশাপাশি আমাদের লোকজ কৃত্য শিল্প যাত্রা মাধ্যমে নিয়োজিত রয়েছে ৩৭ বছর ধরে। তাদের এই নিরলস প্রয়াসকে আমি অভিনন্দন জানাই। লোকনাট্যগোষ্ঠীর ভবিষ্যৎ চলার পথ আরো সুগম হোক এই কামনা করছি।’
লোকনাট্যগোষ্ঠীর সভাপতি তাপস সরকারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা প্রবীর মিত্র, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লিয়াকত আলী লাকী নির্দেশিত লোকনাট্য দলের নাটক ‘কঞ্জুস’ মঞ্চস্থ হয়।
কেএইচ





