নিরাপদ ও টেকসই উপায়ে রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ । দেশটির ৭৫তম স্বাধীনতা দিবসে এ আহ্বান করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার (৪ জানুয়ারি) জানিয়েছে, ‘বাস্তুচ্যুত মিয়ানমারের বাসিন্দাদের তাদের মাতৃভূমিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসনের ব্যবস্থা করার মাধ্যমে আশ্রয়ের বিশাল বোঝা থেকে মুক্তি পাওয়ার আশা করছে বাংলাদেশ।’
বাংলাদেশ এখন কক্সবাজার ও ভাসানচরে ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে। মন্ত্রণালয় বলছে, সীমান্তবর্তী ও প্রতিবেশি দেশ হিসেবে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
মিয়ানমার রিপাবলিক অব ইউনিয়নের স্বাধীনতার হীরকজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের জনগণ মিয়ানমারের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে এবং তাদের অন্তর্ভুক্তিমূলক শান্তি ও সমৃদ্ধি কামনা করেছে।
মিয়ানমারের জনগণ ৪ জানুয়ারি স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন করায় যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন দেশটির জনগণের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এইচএম





