নালিতাবাড়ীতে বাস চালককে মারপিট ও হুমকির প্রতিবাদে বাস ধর্মঘট ডেকেছে শেরপুরের নালিতাবাড়ী বাস টার্মিনালের শ্রমিকরা।
শুক্রবার রাত থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যাচ্ছে না। যেকারণে দুর্ভোগে পড়েছে ঢাকাগামী যাত্রীরা।
নালিতাবাড়ী বাস মালিক ও শ্রমিকরা জানান, শুক্রবার বিকালে নালিতাবাড়ীর তারাগঞ্জ হাইস্কুল মাঠে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফার্মাসিইটিক্যাল মেডিকেল রিপ্রেজেটেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) নালিতাবাড়ী ও নকলা উপজেলার প্রতিনিধিদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় সহকারী রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে ২ পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডা এমনকি হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নালিতাবাড়ীগামী অসিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নকলায় আটকে চালককে মারপিট করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ফারিয়া নকলার প্রতিনিধি ও তাদের সমর্থকরা।
শুধু তাই নয়, অন্য আরও ৩টি গাড়িকে আটক করে হুমকি দেয় তারা। এ ঘটনার জের ধরে শুক্রবার রাত থেকে রাজধানী ঢাকায় যাতায়াতকারী নাইট কোচসহ সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিকরা।
নালিতাবাড়ী বাস-কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন জানান, ফারিয়ার ফুটবল খেলার সঙ্গে শ্রমিকদের কোনো সম্পৃক্ততা নেই। অথচ ওই জের ধরে নকলায় আমাদের শ্রমিকদের আটকে মারপিট করা হয়েছে। কাজেই এ ঘটনায় আমরা নিরাপত্তাহীন। এর সঠিক সুরাহা না হওয়া পর্যন্ত শ্রমিকরা গাড়ি চালাবে না।
বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল দত্ত জানান, ফারিয়ার ফুটবল খেলাকে কেন্দ্র করে বাস শ্রমিকদের মারপিটের ঘটনা ন্যাক্কারজনক।
ফারিয়া নালিতাবাড়ীর সাধারণ সম্পাদক নিয়ামুল কবীর মানিক জানান, এ ঘটনায় বাস শ্রমিকদের মারপিট করায় আমরা বিব্রতকর অবস্থায় পড়েছি। আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





