চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে চর আলেকজান্ডার পর্যন্ত মার্চ-এপ্রিল দু’মাস মেঘনায় অভয়াশ্রম থাকে। এসময়ে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ।
এগুলো দেখভালের জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি মেঘনা পাড়ের এখলাছপুরে কোষ্টগার্ডের ক্যাম্প বসানো হয়েছে। এ সত্ত্বেও এখানে দেদারসে চলছে মাছ শিকার। এ কারণে মত্স্য আড়ত্গুলোতে ক্রেতা-বিক্রেতার ভিড় চোখে পড়ার মতো। দিনের আলোয় মাছ ধরার দৃশ্য তুলনামূলক কম দেখা গেলেও রাতের আঁধারে মেঘনা মত্স্য শিকারীদের দখলে থাকে। ভোরের আলোয় মেঘনা নদীর তীরে সারি সারি নৌকায় ভর্তি ভিজা জাল লক্ষ্য করা যায়।
সরেজমিনে উপজেলার সর্ববৃহত মাছের আড়ত ষাটনলের বাবুবাজার মত্স্য আড়তে গিয়ে দেখা যায়, আড়তে অসংখ্য পাইকারী ক্রেতা-বিক্রেতার কোলাহল। মাছ বেচা-কেনার দাম-দরের কাজে ব্যস্ত সবাই। খানিকটা দূরে অপেক্ষমান কয়েকটি পিকআপ ভ্যান মাছ নিয়ে রাজধানী ঢাকা যাবার অপেক্ষায়।
এ ব্যাপারে উপজেলা মত্স্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, সরকারি নির্দেশ বাস্তবায়নে আমরা সদা সচেষ্ট। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, সরকার ঘোষিত অভয়াশ্রম অঞ্চলে মত্স্য শিকার, বিক্রি, পরিবহন ও গুদামজাতকরণ সবই নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জেআই





