বরিশালের গৌরনদী থেকে ৩ নারী পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, গৌরনদীর শৌলকর গ্রামের দিন মজুর মান্নান তালুকদারের কন্যাকে (১৫) লেবানন চাকুরি দেয়ার কথা বলে ৮৫ হাজার টাকা নেয় প্রতিবেশি লিপি আক্তার ও তার স্বামী মো. জব্বার তালুকদারসহ ৪জন। তারা টাকা নিয়ে গত ৩০ মার্চ ওই কিশোরীকে লেবানন পাঠায়।
মান্নান তালুকদার অভিযোগ করে বলেন, বিমান বন্দর ত্যাগ করার পর থেকে এখন পর্যন্ত আমার মেয়ের কোন সন্ধান নেই। একাধিকবার মেয়ের সন্ধানের জন্য লিপি গংদের কাছে ধর্ণা দিয়েও কোন খোঁজ মেলেনি।
তিনি অভিযোগ করেন, তার মেয়েকে চাকুরি না দিয়ে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে পাচারকারীরা।
পরে এ ঘটনায় বুধবার সকালে মান্নান তালুকদার বাদি হয়ে ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, পুলিশ এজাহারভুক্ত আসামি লিপি আক্তার, তার স্বামী মো. জব্বার তালুকদার ও রাসেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





