রাজধানীর শেখ জামাল ধানমন্ডি মাঠে  শুক্রবার রাতে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে ক্লাব কর্তৃপক্ষ। ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করা হয়নি।
ক্লাবের নিরাপত্তা বিভাগের সমন্বয়কারী মারাফত আলী জানান, ‘গতকাল রাত সাড়ে ১১টার দিকে কিছু লোক মাঠে বোমার বিস্ফোরণ ঘটায় এবং মাঠে নির্মাণাধীন কয়েকটি স্থাপনায় ভাঙচুর চালায়। এসময় মাঠের ভেতরে কেউ ছিল না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠের ফটকের বামদিকে শেখ জামালের ম্যুরালে কালো কালি লেপটে দেওয়া হয়েছে। শনিবার ম্যুরালটি ব্যানার দিয়ে ঢেকে দেন মাঠের লোকজন। মাঠের ভেতরে ৩টি বড় ডিজিটাল ব্যানার ও ৮টি ছোট ব্যানার দেখা গেছে।
ডিজিটাল বড় ব্যানারগুলোতে লেখা আছে, ‘অবৈধ সরকার এবং শেখ পরিবারের হাত থেকে ধানমন্ডি মাঠ রক্ষা ও জনসাধারণ-এর জন্য উন্মুক্ত করায় ইঞ্জি মোবাশ্বের, ইকবাল ভাই, ডানা আপা, সালমা আপাকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রচারে: পরিবেশবাদী।’
ছোট ব্যানারগুলোতে লেখা আছে, ‘স্থপতি মোবাশ্বের, ইকবাল হাবিব, ডানা ও সালমা আপা-এর বিরুদ্ধে অগণতান্ত্রিক সরকারের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার কর, করতে হবে। প্রচারে: পরিবেশবাদী।’
ধানমন্ডি ৮ নম্বরে গণপূর্ত বিভাগের মালিকানাধীন মাঠটি এক সময় সবার জন্য উন্মুক্ত ছিল। তবে ২০০৯ সালে ধানমন্ডি ক্লাবের নাম পরিবর্তন করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড করার পর মাঠটি ঘিরে দেওয়া হয়। দুই বছর ধরে মাঠে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে ক্লাব কর্তৃপক্ষ।
তবে পরিবেশবাদীদের আন্দোলন ও আদালতের নির্দেশনা অনুসারে ২৪ এপ্রিল মাঠটি সবার জন্য খুলে দেওয়া হয়।
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]