রাজধানীর সিদ্ধেশ্বরীতে উদ্ধার হওয়া নিহত তরুণীর পরিচয় মিলেছে। তার নাম রুবাইয়াত শারমিন রুম্পা (২১)। তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম তার পরিচয় নিশ্চিত করেন।

শান্তিবাগে পরিবারের সঙ্গে থাকতেন রুম্পা। তার বাবা হবিগঞ্জে পুলিশের উপ-পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে।

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে সিদ্ধেশ্বরীতে ৬৪/৪ নম্বর বাসার নিচে অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ দেখতে পান স্থানীয়রা।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পর চিকিৎসক জানিয়েছেন, ধর্ষণের পর হত্যা করা হতে পারে তরুণীকে। এ ঘটনায় হত্যা মামলা করেছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা হত্যার আলামত সংগ্রহ করেন। তবে এখনো কোনো কারণ উদঘাটন করতে পারেননি তারা।

তরুণীর পরিচয় বা পরিবারের সন্ধান না পেয়ে পুলিশই বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

এএস