বগুড়ায় মহাসড়কে ফেলে রাখা 'ট্রিপড' (তিন মাথা বিশিষ্ট তারকাটা) এ পুলিশ বহনকারী বাসের চাকা ফুটো হয়েছে। এসময় দুর্বৃত্তদের ছোঁড়া ইটের আঘাতে কয়েক জন পুলিশ আহত হয়েছে। এ সময় পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি ছুঁড়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, রোববার রাতের আঁধারে অবরোধকারীরা বগুড়া-রংপুর মহাসড়কের বিভিন্ন স্থানে একজাতীয় ‘আজব কাঁটা’ পুঁতে রাখে। বিশ্ব ইজতেমায় নিরাপত্তার দায়িত্ব পালন শেষে রংপুর রেঞ্জের পুলিশ বহনকারী একটি বাস মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বগুড়া সদরের গোকুলে 'ট্রিপডে' বাসের চাকা ফুটো হয়।

এক সময় বাসটি রাস্তার ওপর আটকে গেলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে বেশ কয়েক জন পুলিশ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এসময় দুর্বৃত্তদের লক্ষ্য করে পুলিশ ৬ রাউন্ড গুলি ছুঁড়েছে।

খবর পেয়ে জেলা পুলিশের ঊর্র্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাস্থলে উপস্থিত জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, দুর্বৃত্তদের ছোঁড়া ইটে বাসের গ্লাস ভেঙ্গে কয়েক জন পুলিশ সদস্য সামান্য আঘাত পেয়েছেন। পুলিশ দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করতে ৬ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে।

এদিকে, গোকুল এলাকায় অবরোধকারীদের প্রতিহত করতে মহাসড়ক পাহারা দেয়ার সময় স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের সাথে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

ইআর