নীলফামারীর ডিমলায় আইজুল ইসলাম নামের এক ব্যাক্তি তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটী গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের শিকার তানজিলা বেগমের (৪০) লাশ রাত ১১টার দিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সোমবার মুরগি নিয়ে আইজুল ইসলামের স্ত্রী তানজিলা বেগমের সাথে তার দেবর সিরাজুল ইসলামের ঝগড়া বাঁধে।
ওই ঘটনার জের ধরে বুধবার রাত ৮টার দিকে পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী আইজুল ইসলাম গৃহবধু তানজিলার মাথায় কোদাল দিয়ে এলোপাথারি আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তানজিলা অচেতন হয়ে পড়ে।
অচেতন গৃহবধূকে তরিঘড়ি করে ডিমলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলেও তানজিলার অবস্থা খারাপ বুঝতে পেরে স্বামী আইজুল ও দেবর সিরাজুল হাসপাতালের বারান্দায় ফেলে পালিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ খবর পেয়ে তানজিলার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী।
এএইচ





