জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর লঞ্চভাড়া সমন্বয় করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাথে বৈঠকে বসেছেন লঞ্চ ও নৌযানের মালিকরা।

রোববার বিকেলে মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির মহাসচিব শহিদুল ইসলাম ভূঁইয়া, নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপসচিব আমিনুর রহমান, বিআইডব্লিউটিএর কর্মকর্তা এবং লঞ্চ মালিকরা অংশ নেন।

বৈঠকের শুরুতে কমোডর গোলাম সাদেক সাংবাদিকদের বলেন, তেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে লঞ্চের ভাড়া সমন্বয় করতে আমরা বৈঠকে বসেছি। সবকিছু বিবেচনায় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা এখানে বসেছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন আহমদ বলেন, ২০১৩ সালের পর লঞ্চভাড়া আর বাড়েনি। তেলের মূল্যটা অনেক বেশি বাড়ায় মালিকদের পক্ষে লঞ্চ পরিচালনা করা দুরূহ হয়ে পড়েছে।

‘আমরা চেয়ারম্যানকে অনুরোধ করেছিলাম, আমাদের সাথে আলাপ-আলোচনা করে একটা সিদ্ধান্ত নেয়ার জন্য। তিনি আজ (রোববার) আমাদের সাথে বসেছেন’, যোগ করেন মাহবুব উদ্দিন আহমদ।

এবিএস