সুনামগঞ্জের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বাবা আব্দুস সালাম (৪৮) ও ছেলে রমজান (১৮)। আব্দুস সালাম সদর উপজলোর সুরাম ইউনিয়নের বাদারটেক গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার ভোরে উপজেলার সুরমা ইউনিয়নের হালুয়ারঘাট এলাকায় মিজান স’মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

সুরমার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সত্তার জানান, সোমবার দিনগত রাতে ইউনিয়নের বাদারটেক গ্রামের আব্দুস সালাম ও তার ছেলে রমজান একটি ছোট নৌকায় করে হালুয়ারঘাট এলাকায় মাছ ধরতে যায়।

সকাল হয়ে এলেও তারা বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাদের খুঁজতে বের হন। একপর্যায়ে হালুয়ারঘাট এলাকায় মিজান স’মিল এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটির পাশে তাদের খুঁজে পাওয়া যায়।

চেয়ারম্যান জানান, ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে তারা নৌকা নিয়ে যাওয়ার সময় পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে জড়িয়ে যান। পল্লী বিদ্যুতের খুঁটিটি কিছুটা হেলে থাকায় তারটি নিয়ে ঝুলে ছিল। এ কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

সুনামগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এআই