মুন্সীগঞ্জ শহরের চরকিশোরগঞ্জ সড়কের কাছে ধারাল অস্ত্র দিয়ে আব্দুল করিম (৩৫) নামে একজনের হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দুপুর ১টায় এ ঘটনা ঘটে।
আব্দুল করীম নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরহোগলা গ্রামের আবুল হোসেনের ছেলে।
আব্দুল করীমের মামা কামাল হোসেন জানান, ব্যক্তিগত কাজে করীম নিজ বাড়ি থেকে বের হয়ে অটোরিকশায় মুন্সীগঞ্জ শহরের উদ্দেশে রওনা দেয়। শহরের চরকিশোরগঞ্জ সড়কে ১০-১২ দুর্বৃত্ত দুপুর ১টায় অটোরিকশার গতিরোধ করে। তারা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে করীমকে রক্তাক্ত জখম করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। দুপুর সোয়া ২টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. কাইয়ুম তালুকদার জানান, করীমের ডান হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ১০-১২টি ধারাল অস্ত্রের কোপ রয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, ওই ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলা দায়ের করতে হবে। মুন্সীগঞ্জ পুলিশের করার কিছু নেই।
ইআর





