বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর ডিহিপাশা গ্রামে মাটিকাটা নিয়ে দু’দল শ্রমিকের মধ্যে দু’দফায় সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রথম দফা সংঘর্ষ হয় মঙ্গলবার দুপুরে এবং দ্বিতীয় দফা রাত আটটার দিকে।

আগৈলঝাড়া থানার সহকারী পরিদর্শক (এসআই) মনোরঞ্জন জানান, পাশের চাঁদশী গ্রামে ইলিয়াস ও সাইদুল সরদারের দু’টি দল মাটি কাটতে যান। ওড়াতে মাটি কম দেয়াকে কেন্দ্র করে দুপুরে সংঘর্ষ হলে এক শ্রমিক আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনার রেশ ধরে রাত আটটার দিকে দুই দল শ্রমিক ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১৫ শ্রমিক আহত হন।

তাদের মধ্যে আইতুল সিকদার (২৫) ও তার স্ত্রী তানিয়া বেগম (২২) গুরুতর আহত হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর স্থানীয়রা রাসেল (২২), জুয়েল (২০) ও মনিরকে (২২) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

আগৈলঝাড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ঘটনা মীমাংসার জন্য স্থানীয় জনপ্রতিনিধিরা সালিশ বৈঠকে বসেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

কেএইচ