বেগমগঞ্জে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত প্রার্থী আনোয়ার হোসেন শিক্ষকদের লাঞ্ছিত করেন। তার প্রতিবাদ ও বিচারের দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন।
বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে একটি প্রতিবাদ মিছিল উপজেলার প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর আনোয়ার হোসেনের বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-অর-রশিদ বরাবর স্মারকলিপি দেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষকরা জানান, ২১ ডিসেম্বর (রোববার) গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়। ওই দিন বিকেলে ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত প্রার্থী আনোয়ার হোসেনসহ তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের গালমন্দ করেন।
একপর্যায়ে আনোয়ার হোসেনের সন্ত্রাসীরা লাঠি ও অস্ত্র দিয়ে শিক্ষক-শিক্ষিকাদের উপর হামলা চালায়। এতে সহকারী প্রধান শিক্ষক প্রবীর কুমার দে ও শিক্ষক প্রতিনিধি নিজাম উদ্দিন গুরুতর আহত হন।
প্রতিষ্ঠার সময় ১৯৬০ সাল থেকে গত ৫৪ বছর ধরে বিদ্যালয়য়ে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু বিদ্যালয়ের ইতিহাসে এ প্রথম এমন ন্যাক্কার জনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
তাই ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হামলাকারী আনোয়ার হোসেন ও তার সন্ত্রাসী লোকজনদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এমকে





