বিমানবন্দরসহ বিভিন্ন স্পর্শকাতর স্থাপনায় জঙ্গি হামলার আশংকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ডগ স্কোয়াড মোতায়ন করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিজিবি’র ১২ জন সদস্য এবং দু’টি প্রশিক্ষিত কুকুরের সমন্বয়ে দু’টি ডগ স্কোয়াড বিমানবন্দরে দায়িত্ব পালন শুরু করেছে। শুরুতেই ডগ স্কোয়াডের মাধ্যমে পুরো বিমানবন্দরে তল্লাশি চালানো হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিজিবি’র ডগ স্কোয়াড বিমানবন্দরে থাকবে বলে জানিয়েছেন ওই বাহিনীর কর্মকর্তারা।
২৮ ব্যাটেলিয়ন বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল এমারত হোসেন বলেন, আমাদের সুপ্রশিক্ষিত দু’টি ডগ স্কোয়াড বিমানবন্দরে মোতায়েন করা হয়েছে। কেউ অস্ত্র-বিস্ফোরক, মাদক নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে তারা তাৎক্ষণিকভাবে সেটা শনাক্ত করতে পারবে। বিমানবন্দরকে আরও নিরাপদ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।
এর আগে গত ২৫ অক্টোবর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান ছিনতাই অথবা হামলা হতে পারে বলে গোয়েন্দা মারফত তথ্য পায় সিএমপি। ২৬ অক্টোবর বিমানবন্দরে এপিবিএন মোতায়েন করা হয়। এছাড়া বিমানবন্দরের নিরাপত্তায় বেশকিছু পদক্ষেপও নেয়া হয়।
তবে এ ধরনের হামলার নতুন করে আর কোন তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অর্থ, প্রশাসন ও ট্রাফিক) এ কে এম শহীদুর রহমান।
এআই





