জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের পাইকরতলি গ্রামে সবুজ (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে তার বোন খাদিজা খাতুনকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত পৌনে ১১টায় এ ঘটনা ঘটে। সবুজ ওই গ্রামের আবু তালেবের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ সরকার জানান, রাতে ১২/১৫ জনের একদল দুর্বৃত্ত মাইক্রোবাসে করে খাদিজাদের বাড়ি এসে তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। এসময় খাদিজার বড় ভাই সবুজ বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে খাদিজাকে গাড়িতে করে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সবুজ মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। মেয়েটিকে উদ্ধার ও বাকি দুর্বৃত্তদের আটক করার চেষ্টা চলছে।

ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ