রাজধানী ঢাকাসহ সারা দেশে শীতের প্রকোপ বাড়ছে। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস কনকনে শীতের আবহ তৈরি করেছে। আগামী সপ্তাহে এর তীব্রতা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা বলেছেন, গত দুই দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা ছিল। শুক্রবার কুয়াশা কমে গিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে হালকা বাতাস বইতে শুরু করেছে। এর ফলে শীতের প্রকোপ কিছুটা বেড়েছে। ১৭ ডিসেম্বরের পর থেকে শীত আরো জেঁকে বসতে পারে। এমনকি তা শৈত্যপ্রবাহের পর্যায়েও যেতে পারে।

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে বিভিন্ন মাত্রার শৈত্যপ্রবাহ হয়।

গতকাল দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ১০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি। এ সময়ে ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ থেকে ৮৪ শতাংশের মধ্যে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ঈশ্বরদীতে ১০ দশমিক শূন্য ডিগ্রি।

জেএ