কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং এলাতার আলীর ছেলে আবদুল মোনাফ (৩০) ও একই এলাকার রকিম উল্লাহর ছেলে আজিজুর রহমান ২৯)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কে চলাচলরত মারছা পরিবহনের যাত্রীবাহী একটি বাস কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসটি চকরিয়ার হারবাং ইউনিয়নের গয়ালমারা অতিক্রম করার সময় পেছন থেকে দুই বন্ধুকে বহনকারী মোটরসাইকেলটি ওভারটেক করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় মোটরসাইকেলটি সজোরে ধাক্কা খায় বাসের। এতে মহাসড়ক থেকে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। এই অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ হারায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু।

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, দুই যুবকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর বাসটি জব্দ করা হয়েছে।

এমআর