পাওনাদারকে একশ’ টাকার ছেঁড়া নোট দেওয়ার ঘটনায় তর্কাতর্কির জের ধরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দপুর গ্রামে ছুরিকাঘাতে লিটন মিয়া (২০) নামে এক যুবক খুন হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন ওই গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।

নিহতের বাবা রাজ্জাক মিয়া জানান, তার ছেলে লিটন একই বাড়ির চাচা সম্পর্কিত মুছা মিয়ার কাছ থেকে একশ’ টাকা ধার নিয়েছিল। সন্ধ্যায় লিটন তাকে ওই টাকা ফেরত দেয়। তবে নোটটির এক অংশ ছেঁড়া থাকায় এটি নিতে মুছা আপত্তি জানায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে মুছা মিয়া তার লোকজন নিয়ে গ্রামের খালপাড়ে লিটনকে একা পেয়ে তার বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহতাবস্থায় লিটনকে জেলা সদর হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়েজ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুকে ছুরিকাঘাতে লিটনের মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ