নীলফামারীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত আব্দুল আজিজ সেল্টু (২৩) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার বিকালে তার মৃত্যু হয়।

নিহত সেল্টু জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের উত্তর পাটোয়ারী পাড়া গ্রামের মহুবর রহমানের ছেলে। সংঘর্ষে আহত ফজু ও মকর নামে আরও দুই ব্যক্তি জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীরাজানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে জমির সীমানা নিয়ে মকরের সাথে তালেবের সংঘর্ষ বাধে। সে সময় দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল আজিজ সেল্টুর ঘাড়ে ও মাথায় আঘাত করে প্রতিপক্ষ। আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালেমারা যান তিনি।

ঘটনায় জড়িত সন্দেহে রাবেয়া বেগম, সুফিয়া বেগম ও মারুফা বেগম নামে তিন নারীকেআটক করেছে পুলিশ।

জলঢাকা থানার অফিসার ইন চার্জ (ওসি) দিলওয়ার হানান ইনাম জানান, মকরের সাথে তালেবের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের জেরে সেল্টু নিহতের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

কেএইচ