রাঙামাটিতে ইয়াবা ট্যাবলেট নিয়ে প্রবেশ করার সময় শহরের প্রবেশমুখ মানিকছড়িতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোরশেদ নামে এক ইয়াবা ব্যবসায়িকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার রাত সাড়ে নয়টার সময় রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ জনতার হাত থেকে আটককৃত যুবক মোরশেদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতের বেলায় হঠাৎ করেই একটি মোটর সাইকেল যোগে এক যুবক দ্রুত বেগে মানিকছড়ি চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা চালায়। এসময় রাস্তার উপর চেকপোস্টের গতি প্রতিরোধক বাঁশ ফেলে দেয়ায় যুবকটি গাড়ি ঘুরিয়ে উল্টোপথে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে কয়েকজন যুবক তাকে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করে। পরে কিছুদূর যাওয়ার পর তাকে ধরে ফেলে এবং তার দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটের একটি প্যাকেট পায়। এসময় তাকে ধরে মানিকছড়ি পুলিশ ফাঁড়ির পুলিশকে খবর দিয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে।

ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেনের কাছ থেকে খবর পেয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মনু ইমতিয়াজ সোহেল ও এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে আটকককৃত যুবককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চালান। এসময় তিনি জানান,তার নাম মোরশেদ। পিতার নাম ফজলু আহম্মেদ। তিনি রাঙামাটি শহরের লেকার্স পাবলিক স্কুল সংলগ্ন আলম ডক ইয়ার্ড এলাকায় থাকেন। তার ব্যবহৃত মোটর সাইকেলটিও আটক করে পুলিশ। যার নাম্বার হলো-চট্ট মেট্টো-ল-১২-৯৭৪৭।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,কেইউ