সাংবাদিকতার নিয়মনীতি মেনে এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
গণমাধ্যম যাতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়, তা নিশ্চিতেরও আহবান জানান রাষ্ট্রপতি।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রেস কাউন্সিল পদক প্রদান উপলক্ষে আজ সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ‘গণমাধ্যম, গণতন্ত্র ও উন্নয়ন একে অপরের পরিপূরক। একটি ছাড়া অন্যটি অচল।
স্বাধীন গণমাধ্যম ও অবাধ তথ্যপ্রবাহ এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে ১৯৭৪ সালের ১৪ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ প্রেস কাউন্সিল। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং অনুসন্ধানী ও সৃজনশীল সাংবাদিকতার জন্য প্রেস কাউন্সিল পদক প্রদানে প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হয় অনুষ্ঠানমালার।
রাজধানীর একটি হোটেলে ৭ টি ক্যাটাগরিতে পাঁচ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে পদক দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
এসময় রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা, সাম্য ও সুশাসন নিশ্চিত করতে গণমাধ্যমকে ভূূমিকা রাখতে হবে। তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ হতে তরুণ সংবাদকর্মীদের পরামর্শ দেন তিনি।
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে গণমাধ্যমের প্রতি আহবান জানান রাষ্ট্রপতি। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারের পাশাপাশি বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে গণমাধ্যমের ভূমিকা নিশ্চিত করতে প্রেস কাউন্সিলকে তদারকি করার আহ্বান জানান তিনি।
মেধা ও দক্ষতার পাশাপাশি সততা ও নিরপেক্ষতাকে হাতিয়ার হিসেবে নিয়ে মাতৃভূমিকে অগ্রাধিকার দিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান রাষ্ট্রপতি।
এএস





