রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে।

এদিন ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ ও রেজিস্টার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হকসহ ঊর্ধতন কর্মকর্তাগণ শহীদ মিনারে ও সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

এছাড়া বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, রাবি প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় স্কুলের কুচকাওয়াজ ও খেলাধুলা। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন উপাচার্য। সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল মডেল স্কুল প্রাঙ্গণে আনন্দ মেলা অনুষ্ঠিত হয়। এই আনন্দ মেলায় ছিল স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলাসহ নানা আয়োজন।

সকাল ১০টা ১৫ মিনিটে ‘সাবাশ বাংলাদেশ’ চত্বরে অনুষ্ঠিত হয় বিএনসিসি, রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের কুচকাওয়াজ। এতে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন উপাচার্য। সকাল ১০টা ৪৫ মিনিটে সিনেট ভবন চত্বরে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য এবং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন উপাচার্য-পত্নী মোমেনা জীনাত। অনুষ্ঠানসমূহে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ছাত্র-উপদেষ্টা, প্রক্টর, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রমুখ উপস্থিত ছিলেন।

বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট, ফুটবল ও হ্যান্ডবল খেলা এবং বাদ জুমা কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

দিবসের কর্মসূচিতে সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কাফেটেরিয়া চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাবি ইউনিট কমান্ডের ও কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পশ্চিম চত্বরে রাবি অফিসার সমিতি এবং নিজ নিজ কার্যালয় প্রাঙ্গণে রাবি সহায়ক কর্মচারী সমিতি, পরিবহন কর্মচারী সমিতি ও সাধারণ কর্মচারী ইউনিয়ন আলোচনা সভার আয়োজন করে।
সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন উপাচার্য ড. মো. মিজান উদ্দীন, উপ-উপাচার্য চৌধুরী ড. সারওয়ার জাহান, রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার শ্রী অভিজিত চ্যাটার্জী প্রমুখ।

এদিন রাবি শহীদ স্মৃতি সংগ্রহশালা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ও বরেন্দ্র গবেষণা জাদুঘর সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা ছিল।

আশিক/এমএনজে