বিশেষ ক্ষমতা আইনের এক মামলার বিষয়ে আদালতের আদেশ না মানায় রাজধানীর বিমানবন্দর থানার ওসিসহ দুই পুলিশ সদস্যকে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ২৯ মে হাজির হয়ে তাদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
হাইকোর্টে ওই মামলার আসামির জামিন শুনানিকালে মঙ্গলবার এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ।
আদালতে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খায়রুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
পরে খায়রুল আলম বলেন, ২০১৪ সালের ২২ আগস্ট ৭ কেজি সোনাসহ মো. আলামিনকে (২৫) গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বিমানবন্দর থানা পুলিশ।
এ মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করেন আল-আমিন।
তার আবেদনের শুনানিতে আইনজীবী আদালতকে জানান, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নিয়ম থাকলেও এখনও তা দেওয়া হয়নি। এ সময় আদালত জামিন বিষয়ে রুল জারির পাশাপাশি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুজ্জমানকে তদন্ত প্রতিবেদন কেন দেওয়া হচ্ছে না সে বিষয়টি জানাতে ১০ মে হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন।
খায়রুল আলম বলেন, নির্ধারিত দিনেও তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামান হাজির না হওয়ায় এবং প্রতিবেদন দাখিল না করায় আদালত পুলিশের এই দুই কর্মকর্তাকে তলব করেছেন।
এমআর





