ভোলার বাংলাবাজারে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৬ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ, ফায়ার সর্ভিসের কর্মীরা দুর্ঘটনা কবলিত বাস ও তার যাত্রীদের উদ্ধারে কাজ করছে। তবে এ ঘটনায় কেউ নিহত ও নিখোঁজ রয়েছে কিনা তা জানা যায়নি।
স্থানীয়রা জানান, চরফ্যাশন থেকে একটি যাত্রীবাহি বাস (ঢাকা-চ-৪৮৮) ভোলার দিকে আসছিল। এ সময় ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় এসে মাত্রাতিরিক্ত গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যাত্রীদের উদ্ধার করেন।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির জানান, পানির ভেতরে থাকা দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা করছেন। তবে এতে কেউ নিহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
এসএইচ/ এআর





