আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার থেকে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপি ৪র্থ এশিয়ান ট্যুরিজম ফেয়ার।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘পর্যটন বিচিত্রা’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী।
আগামী ২৭ আগস্ট সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ মেলার উদ্বোধন করবেন বলে আয়োজকরা জানান।
অপরূপ চৌধুরী বলেন, বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশের আকর্ষনীয় ও দর্শনীয় স্থান সমূহের বিভিন্ন পর্যটন সেবার সমন্বয় ঘটবে এবারের মেলায়।
এছাড়াও থাকবে আসন্ন পর্যটন মৌসুমের বিভিন্ন আকর্ষনীয় ভ্রমন অফার, হোটেল বা প্যাকেজ বুকিংয়ের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা।
মেলায় অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে, এয়ারলাইন্স, হোটেল, মোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল শপ, থিমপার্ক ও বিনোদন প্রতিষ্ঠানসহ মোট ১২০ টি স্টল।
এছাড়াও মেলায় থাকবে বৈচিত্রময় কিছু আয়োজন, যেমন কমিউনিটি বেইজ ট্যুরিজম প্রদর্শনী, ৯টি বিশ্ববিদ্যালয় ও ৩ টি পর্যটন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অংশ গ্রহণে ইয়ুথ ট্যুরিজম স্কিলস কম্পিটিশন, পর্যটন বিষয়ক সেমিনার, কিমিউনিট কালচ্যারাল অনুষ্ঠান ইত্যাদি।
প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৯ টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০ টাকা। প্রতিটি টিকিটের বিপরীতে থাকবে আকর্ষনীয় র্যাফেল ড্র ও ভ্রমন ভাউচার। তবে শিক্ষার্থীদের জন্য মেলায় প্রবেশ ফ্রী করা হয়েছে।
মেলায় অংশগ্রহনে ইচ্ছুক দর্শনার্থীদের জন্য কাকলী থেকে প্রতি ২ ঘন্টা অন্তর ফ্রি বাস সার্ভিস এবং সাংবাদিকদের জন্য প্রেস ক্লাবের সামনে থেকে সকাল ৯ টায় ও সোনারগাঁও হোটেলের বিপরীত থেকে সকাল ৯.৩০ মিনিট থেকে ফ্রি বাস সার্ভিস থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবির, আন্তর্জাতিক বিশেষজ্ঞ (আই. এল. ও) ফ্রান্সিস ডি সিলভা, ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল ফর ট্যুরিজম এন্ড হসপিটালিটি সেক্টরের চেয়ারম্যান এ কে এম বারী প্রমুখ।
এমএ/এমকে





