নড়াইলের কালিয়া উপজেলায় ফরিদ শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকাবাসী হত্যাকারী সন্দেহে সালাম শেখ নামের এক ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে। এলাকাবাসী বলছেন, সালামের সঙ্গে নিহত ফরিদের স্ত্রীর সম্পর্ক ছিল।

গতকাল শুক্রবার রাতে উপজেলার ডাকবাংলার চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কালিয়ার সীতারামপুর গ্রামের বাসিন্দা ফরিদ শেখের স্ত্রীর সঙ্গে পাশের বেন্দারচর গ্রামের সালাম শেখের সম্পর্ক ছিল। ছয় মাস আগে ফরিদের স্ত্রী সালামের সঙ্গে পালিয়ে যান। স্থানীয় সালিসের মাধ্যমে স্ত্রীকে আবার ফিরিয়ে আনেন ফরিদ।

গত ৫ এপ্রিল ফরিদ শেখের বাড়িতে সালাম হামলা চালান। এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। দুই মাস কারাবাসের পর ২০ জুন জামিনে বেরিয়ে আসেন সালাম। গতকাল রাতে সালাম উপজেলা ডাকবাংলোর সামনে ফরিদকে কুপিয়ে হত্যা করেন। পালানোর সময় বাজারের লোকজন তাঁকে ধরে পুলিশে সোপর্দ করে।কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গণি বলেন, সালাম শেখকে আটক করা হয়েছে।

এমআর