সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেসরকারি সংস্থা ‘ব্র্যাক’র প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মরদেহ আর্মি স্টেডিয়ামে নেয়া হয়েছে।
আজ (২২ ডিসেম্বর) রোববার সকাল ১০টা ২০মিনিটের দিকে তার মরদেহ সাদা ফুলে ঘেরা লাশবাহী অ্যাম্বুলেন্সে করে আর্মি স্টেডিয়ামে আনা হয়। আর্মি স্টেডিয়ামে আগে থেকেই ব্র্যাকের কর্মীসহ বিভিন্ন পর্যায়ের মানুষজন অপেক্ষায় ছিলেন।
ফজলে হাসান আবেদের মরদেহে রাষ্ট্রপতির পক্ষ থেকে মেজর আশিকুর রহমান শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে উপসামরিক সচিব কর্নেল মো. সাইফুল্লাহ শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং আওয়ামী লীগের পক্ষে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শ্রদ্ধা নিবেদন জানান। এসময় উপস্থিত ছিলেন- জাহাঙ্গীর কবির নানক, মাহবুব-উল আলম হানিফ, আব্দুর রহমান। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ড. ম তানিম ফজলে হাসান আবেদের মরদেহে শ্রদ্ধা জানান।
ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯টায় সর্বসাধারণের জন্য গেট খুলে দেয়া হয়েছে। একে একে মাঠে প্রবেশ করছেন সবাই। শ্রদ্ধা জানানোর পর দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামেই হবে তার জানাজা। এরপর বিকেলে ফজলে হাসান আবেদকে দাফন করা হবে বনানী কবরস্থানে।
স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও তিন নাতি-নাতনি রেখে গেছেন।
উল্লেখ্য, ফজলে হাসান আবেদের জন্ম ১৯৩৬ সালে। স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি বেসরকারি সংস্থা ব্র্যাক প্রতিষ্ঠা করেন। তখন তার বয়স ছিল মাত্র ৩৬ বছর। ২০০১ সাল পর্যন্ত তিনি সংস্থাটির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ওই সময় তার বয়স ৬৫ হয়ে গেলে তিনি নির্বাহী পরিচালকের দায়িত্ব ছেড়ে দেন। এরপর ব্র্যাকের চেয়ারপারসন হিসেবে কর্মরত ছিলেন আরও ১৮ বছর। কয়েক মাস আগে তিনি সে পদটিও ছেড়ে দিয়ে অবসরে যান এই গুণী ব্যক্তি।
এমবি





