শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, জাতির বিবেকে পচন ধরেছে। গুণী ব্যক্তিদের মর্যাদা না দেওয়ার জন্যই দেশে এই অরাজক পরিস্থিতি।

২৭ এপ্রিল বুধবার সকাল ৯ টায় শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তাঁর মাজার প্রাঙ্গনে মানবন্ধন কর্মসূচিতে সংগঠনের সভাপতি মোঃ মঞ্জুর হোসেন ঈসা এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জাতীয় নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৪ তম মৃত্যু বার্ষিকীতেও তাকে আজও প্রাপ্য মর্যাদা দেওয়া হয়নি। রাষ্ট্রীয়ভাবে তাঁর জন্ম ও মৃত্যু বার্ষিকীতে কোন কর্মসূচি নেয়া হয় না। শুধুমাত্র বিবৃতির মাধ্যমে জাতির এই বিবেককে স্মরণ করে নতুন প্রজন্মকে তার প্রতি প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত করেছে।

তিনি বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন চেতনার বাতিঘর, কৃষক দরদী নেতা। তিনি মহান স্বাধীনতার বীজ বপন করে গিয়েছিলেন। আর এই মহান জাতীয় নেতার নামে পদ্মা সেতুর নামকরণ শেরে বাংলা সেতু করণের দাবিতে আমাদের এখন আন্দোলন করতে হচ্ছে। এটি জাতির জন্য লজ্জার একটি বিষয়।

এ সময় অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুল ইসলাম টুকু, শেরে বাংলা এ.কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের মহাসচিব আর কে রিপন, মানবাধিকার জোটের মহাসচিব মিলন মল্লিক, মানবাধিকার সমিতির সাংগঠনিক সম্পাদক মুনিয়া ইসলাম, বরিশালের সাবেক ছাত্রনেতা আরিফুজ্জামান মুকুল, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কাজী আমান উল্যাহ মাহফুজ সহ প্রমুখ।

১৯৬৩ সালের ২৭ এপ্রিল তিনি ইন্তিকাল করেন। মৃত্যুর আগ পর্যন্ত অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ও বাঙালী জাতীয়তাবাদের এই মহান নেতা গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে সংগ্রাম করে গেছেন।

সকাল ১০ টায় শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক সচিব সৈয়দ মারগুব মোর্শেদের নেতৃত্বে মাজার প্রাঙ্গনে ফুল দেয়া হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত শেষে দরিদ্রদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

ইআর/এমবি