ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সংলগ্ন জাজি নদীর বেইলি সেতু সংস্কার কাজের জন্য শুক্রবার থেকে তিন দিন বন্দরের সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে বন্ধের সময় দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানা গেছে। সোমবার থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বিষয়টি নিশ্চিত করে জানান, স্থলবন্দর সংলগ্ন জাজি নদীর বেইলি সেতুটি সংস্কারের জন্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
রোববার সকাল পর্যন্ত সেতুর মেরামত কাজ চলবে। এজন্য শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার পর্যন্ত মোট তিন দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার সকাল থেকে পুনরায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
এমআর





