সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।
শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ওলামা লীগের নেতারা।
বক্তারা বলেন, অনেকে বলে রাষ্ট্রের কোনো ধর্ম নেই, ধর্ম হলো ব্যক্তির। যদি তাই হয়, তাহলে একইভাবে রাষ্ট্রের কোনো ভাষাও থাকতে পারে না।
তারা প্রশ্ন রেখে বলেন, রাষ্ট্রভাষা বাংলা যদি বাদ না দেওয়া যায়, তাহলে রাষ্ট্রধর্ম ইসলামও বাদ দেওয়া যেতে পারে না। কারণ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা যেমন বাংলা, ধর্মও তেমনি ইসলাম।
বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এ দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্ম হিসেবে রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তা বলার অপেক্ষা রাখে না। কারণ বর্তমান বিশ্বের ৬০টির অধিক দেশে সংখ্যাগরিষ্ঠের ধর্মকে রাষ্ট্রধর্ম করা হয়েছে।
উদাহরণ দিয়ে তারা বলেন, খ্রিষ্টান অধ্যুষিত দেশগুলোর মধ্যে আর্জেন্টিনা, স্পেন, পতুর্গাল, ডেনমার্ক, নরওয়ে, ব্রিটেনসহ ২৬টি দেশে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট মতবাদ তাদের রাষ্ট্রধর্ম। অন্যদিকে মুসলিম বিশ্বের ২৭টি দেশের রাষ্ট্রধর্ম হলো ইসলাম। তাই বাংলাদেশের রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বহাল থাকাও স্বাভাবিক বলে মন্তব্য করেন বক্তারা।
মানববন্ধনে ওলামা লীগের কেন্দ্রীয় নেতা মাওলানা মাসুম বিল্লাহর সভাপতিত্বে মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল আহাদ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, আগামীকাল ২৭ মার্চ বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকার প্রশ্নে হাইকোর্টের একটি বেঞ্চে শুনানির দিন ধার্য রয়েছে।
এমই





