ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেছেন, আজহারীসহ কিছু বক্তা বিভিন্ন ওয়াজ-মাহফিলে কোরআন-হাদিসের যেসব ব্যাখ্যা দেয় তার অধিকাংশই মিথ্যা এবং আজেবাজে কথা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জামালপুর শহরের গৌরীপুর কাচারি এলাকায় ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের নির্মাণকাজ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ধর্মীয় বিষয়ে বিতর্কিত বক্তব্যগুলো সরকারের নজরে এসেছে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে ইতোমধ্যে কাজ শুরু করেছে সরকার। এসব বক্তাকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা প্রশাসক (ডিসি) মো. এনামুল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী।
পরে মেলান্দহ উপজেলায় জামিয়া হুসাইনিয়া মাদরাসার ৬০ বছর পূর্তি উপলক্ষে উমির উদ্দিন পাইলট স্কুল মাঠে আয়োজিত দুই দিনব্যাপী ইসলামি মহা সম্মেলনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
এএইচ





