নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। ঈদের পর আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড হয় তাহলে গণআদালত গঠন করা হবে। ওই আদালতে বিচারের মাধ্যমে জড়িতদের ফাঁসিতে ঝোলানো হবে।

শুক্রবার দৌলতদিয়া ঘাটে রজনীগন্ধা, শাপলা শালুক ও চন্দ্রমল্লিকা নামে ৩টি ইউটিলিটি ফেরি উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, বঙ্গবন্ধুকে খুনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন জিয়াউর রহমান। সেনাবাহিনীর ক্যু প্রতিরোধের নামে কর্নেল তাহেরসহ শত শত সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। দেশের মানুষ এগুলো ভুলে যায়নি।

তিনি বলেন, বেগম জিয়ার শাসনামলে শ্রমিক-কৃষকসহ অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। তিনি ক্ষমতার বাইরে থেকেও জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে ৫৫ জন গাড়িচালক, ১৬ জন পুলিশ সদস্য ও ১৯ জন যাত্রীকে পুড়িয়ে মেরেছেন। এসব কারণে, বাংলার জনগণ ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে তাদের জবাব দিয়েছে।

মন্ত্রী বলেন, 'যাত্রীসেবা উন্নত করার লক্ষ্যে নতুন ফেরি নির্মাণ ও ফেরিরুট চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন। গত ৫ বছরে আমরা ১৭টি ফেরি নির্মাণের উদ্যোগ গ্রহণ করি। এরই অংশ হিসেবে আজ তিনটি ফেরি নামানো হলো।'

এ সময় উপস্থিত ছিলেন-জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ,সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সোহরাব হোসেন শেখ, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মিজানুর রহমান, রাজবাড়ীর জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, ফেরি নির্মাণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান প্রমুখ।

ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ