দেশের অপরাধ নিয়ন্ত্রণ সন্তোষজনক পর্যায়ে রয়েছে  বলে মন্তব্য করলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। তিনি বলেন-নারায়ণগঞ্জ, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের কয়েকটি ঘটনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনিতি হয়েছে বলা ঠিক হবে না।
শুক্রবার রাজধানীর হেয়ার রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘সুগন্ধার পাশে উল্টোপথে গাড়ি চলাচল রোধক যন্ত্রের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সকল সচেতন নাগরিকের প্রতি আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইন মানার বিষয়, প্রয়োগের নয়’।
হাসান মাহমুদ খন্দকার বলেন, ট্রাফিক আইন অমান্য করে সড়কের উল্টোপথে যানবাহন চালালে শুধু ট্রাফিক আইন অমান্য নয়, বড় ধরনের দুর্ঘটনারও ঝুঁকি থাকে। এ ঝুঁকি এড়ানোর উদ্দেশ্যে আমাদের এ ব্যবস্থা। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনাও আমাদের উদ্দেশ্য।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ‘প্রতিরোধ’ নামে এ আধুনিক ডিভাইস সংযোজন করছে। এই যন্ত্র উল্টো দিকে চলাচলকারী গাড়িকে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধ করবে।
কেউ উল্টোপথে গাড়ি চালাতে গেলেই তার গাড়ির চাকা ছিদ্র হয়ে যাবে। এ যন্ত্রের ধারালো কাঁটা ৪৫ মিলিমিটার পরপর রাস্তার উপর তিন ইঞ্চি উঁচু হয়ে দাঁড়িয়ে থাকবে।
সোজা দিকে থেকে আগত গাড়ির চাকা এর উপর চাপ দেয়ার সাথে সাথে তা নিচু হয়ে গাড়িকে চলে যেতে সাহায্য করবে। এতে সোজা দিকে থেকে আগত গাড়ির চাকার কোন ক্ষতি হবে না বা যানবাহন চলাচলে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না।
যন্ত্রটি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। ফলে বৃষ্টি-ধুলা-বালির কারণে মরিচা পরে নষ্ট হওয়ার আশঙ্কা নেই। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সোহেল মেটাল এ যন্ত্রটি সরবরাহ করেছে। যন্ত্রটির কারিগরি সহায়তা দিয়েছেন প্রকৌশলী জাহান আলম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল জলিল, মিলি বিশ্বাস, শেখ মারুফ হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]