গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বুলবাড়িয়ায় ঢাকা- খুলনা মহাসড়কের খাদ থেকে অজ্ঞাত এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার সকাল সাড়ে দশটায় খবর পেয়ে পুলিশ কাশিয়ানী উপজেলার বুলবাড়িয়ায় খাদ থেকে ওই লাশ উদ্ধার করে। পরে লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।


কাশিয়ানীর রামদিয়া পুলিশ নৌ-তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রথীন্দ্রনাথ তরফদার সাংবাদিকদের জানিয়েছেন, সকালে মহাসড়কের পাশের খাদে স্থানীয়রা একটি মাথা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথাটি উদ্ধার করে এবং আশপাশে তল্লাশি করে তরুণীর দেহটিও উদ্ধার করে।


কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা দূরে কোথাও এই তরুণীকে হত্যার পর গাড়িতে করে ঘটনাস্থলে লাশ ফেলে রেখে পালিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
একে