গত ৫ দিনের টানা বৃষ্টিতে পানি বন্দী হয়ে পড়েছে চট্টগ্রামের কুতুবদিয়ার বিভিন্ন এলাকার শতাধিক পরিবার। টানা বর্ষণের ফলে কুতুবদিয়া দ্বীপের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শত শত পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এসব পরিবারের সদস্যদের ।
অন্যদিকে এই টানাবর্ষণকে কাজে লাগিয়ে মাছ ধরার জন্য কিছু কিছু এলাকায় দুর্বৃত্তরা কৃত্রিমভাবে সৃষ্টি করেছে জলবদ্ধতা। এসব এলাকায় দুর্বৃত্তরা গায়ের জোর খাটিয়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ ধরার জন্য কালর্ভাট ও সুইচ গেইটের দরজা বন্ধ রেখেছে বলে অভিযোগ করে ভুক্তভোগী এলাকাবাসী।
জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের অধীনে কুতুবদিয়া উপজেলার উপকূলে ৭১ পোল্ডারের ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে পানি নিষ্কাশনের জন্য ১১টি সুইচ গেইট রয়েছে। তার অধিকাংশ এলাকার কিছু স্থানীয় ব্যক্তি দলীয় প্রভাব ও গায়ের জোর খাটিয়ে দখলে নিয়ে সুইচ গেইটের দরজা বন্ধ রেখে কৃত্রিমভাবে জলাবদ্ধতা সৃষ্টি করে মাছ ধরে যাচ্ছে। এমন দৃশ্যই চোখে পড়েছে উত্তর ধুরুং ইউনিয়নে ১ ও ২নং সুইচ গেইট এলাকায়, লেমশীখালী ইউনিয়নে ৩ ও ৫নং সুইচ গেইট এলাকায়, বড়ঘোপ ইউনিয়নের ৮নং সুইচ গেইট উত্তর মুরালিয়া এলাকায়।
এসব এলাকায় দূর্বৃত্তরা পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ শিকার করছে। জলাবদ্ধতার ফলে ঐ সব এলাকার শত শত পরিবার পানি বন্দী হয়ে পড়েছে।
জেআই





