ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে স্থানীয় হাজি বাড়ি ও ইমাম বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে টিয়ার শেল ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন ও সিজানুর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে কামাল হোসেনের পক্ষের হাজি বাড়ির লোকজন ও সিজানুর রহমানের পক্ষের ইমাম বাড়ির লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ এসে টিয়ার শেল ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

সংঘর্ষের সময় রমজান মিয়া, জলিল মিয়া ও ফজলুল হক মিয়ার বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালপত্র লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কামাল হোসেন জানান, তার মুরগির খামারে হামলা চালিয়ে প্রায় দেড় হাজার মুরগি লুট করে নিয়েছে প্রতিপক্ষের লোকজন।

তবে সিজানুর রহমান এ অভিযোগ অস্বীকার করেছেন।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ