খুলনায় যুবদল ও শিবির নেতাসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ। চলমান অবরোধ ও হরতালে নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক হয়েছে।

আটকদের মধ্যে মহানগর যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান টুকু এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাধারণ সম্পাদক সাব্বির মোহাম্মদ রয়েছেন।

এদিকে হরতালের সমর্থনে ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ‘মুক্তি’র দাবিতে মঙ্গলবার বিকালে নগরীতে মিছিল করেছে ২০ দলীয় জোট।

এছাড়া বুধবার সকালে নগরীর টুটপাড়া ও সোনাডাঙ্গায় ঝটিকা মিছিল করে শিবিরের নেতাকর্মীরা।

অন্যদিকে হরতাল ও অবরোধে খুলনার জীবনযাত্রা প্রায় স্বাভাবিক রয়েছে। তবে নগরীতে স্বাভাবিকের চেয়ে অনেক কম যানবাহন চলাচল করছে।

কেএইচ