রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ১২ জন মারা গেছেন।
আজ (২৯ জুলাই) বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
রামেক পরিচালক বলেন, বুধবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৭ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় মৃত ১৭ জনের মধ্যে রাজশাহী জেলার ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ১ জন, বগুড়ার ১ জন, পাবনার ৫ জন ও কুষ্টিয়ার ২ জন। এদের মধ্যে করোনা সংক্রমণে মারা গেছেন রাজশাহীর ১ জন, নাটোরের ১ জন, বগুড়ার ১ জন ও পাবনার ২ জন।
উপসর্গে মারা গেছেন রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ২ জন, নওগাঁর ১ জন, কুষ্টিয়ার ২ জন ও পাবনার ৩ জন।
সকলকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
রামেক পরিচালক শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২০৬ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৯৫ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪১৫ জন।
শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৭৭টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৩৯ জনের নমুনা পরীক্ষায় ৯৬ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবে মোট ৬১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৬০ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯০ শতাংশ।
এমবি





