নীলফামারীতে তিস্তা নদীর চর থেকে একটি পলিথিন ব্যাগে মোড়ানো ছয় মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে জেলার ডিমলা উপজেলার তিস্তার চর থেকে এ লাশগুলো উদ্ধার করা হয়।
টেপা খড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বলেন, ‘উজানের ঢলে এ লাশগুলো ভারত থেকে ভেসে বাংলাদেশ অংশে চলে এসেছে।’
এলাকাবাসী জানায়, মঙ্গলবার ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের তিস্তার চরে পলিথিনে মোড়ানো ৬টি ৫/৬ মাস বয়সী মেয়ে নবজাতকের লাশ দেখতে পায় এলাকাবাসী।
এরপর তারা পুলিশে খবর দিলে পুলিশ দুপুর দুইটার দিকে ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানা পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ডিমলা থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো ভারত থেকে ঢলে ভেসে আসার সম্ভাবনায় বেশি। হত্যা, না মৃত্যু ময়নাতদন্তের পরে তা জানা যাবে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
এমকে





