চট্টগ্রাম নগরীতে এক হাজার পিস ইয়াবাসহ দুই কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

সোমবার ভোর সাড়ে ৬টার দিকে তাদের বাকলিয়া থানার কালা মিয়া বাজার এলাকায় আব্দুল লতিফের হাট থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া দু’জন হল, সরকারী সিটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র মিনহাজুল ইসলাম (১৯) এবং চট্টগ্রাম মডেল কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র আতিকুল ইসলাম তারেক (১৯)।

বাকলিয়া থানার ওসি মো.মহসিন বলেন, তারেকের বাড়ি টেকনাফ আর মিনহাজের বাড়ি সাতকানিয়া। লেখাপড়ার পাশাপাশি তারা টেকনাফ থেকে ইয়াবা এনে নগরীতে বিক্রি করে।

ওসি জানান, ভোরে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে নগরীতে প্রবেশের পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। পরে দু’জনের শরীরে তল্লাশি চালিয়ে পাঁচ’শ পিস করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

দু’জনের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ