চোরের বুদ্ধির কাছে হেরে উল্টো গণপিটুনির শিকার হয়েছেন তিন যুবক। আহতাবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় হাইকোর্ট গেটের সামনে এমন ঘটনা ঘটেছে।
গণধোলাইয়ের শিকার তিন ব্যক্তি হলেন- ইমরান হোসেন (১৯), আনিসুর রহমান (২৮) ও আব্দুর রাজ্জাক। আহত আব্দুর রাজ্জাক হাইকোর্ট এলাকার একজন রিকশা মিস্ত্রি।
তিনি জানান, মানিক নামের স্থানীয় এক হোরোইনসেবী তার গ্যারেজ থেকে একটি যন্ত্র চুরি করে পালিয়ে যাচ্ছিল। এসময় তাকে পাকড়াও করে রাজ্জাক ও তার দুই সঙ্গী ইমরান ও আনিস।
পরে তাকে ধরে দুই এক ঘা দিতেই চোর উল্টো ‘চোর চোর’ বলে চিৎকার করে লোক জড়ো করে। মানিকের এরকম আকস্মিক চিৎকারে হতবুদ্ধি হয়ে পড়েন তিনজন।
আশপাশের জনতা এগিয়ে এসে চোর সন্দেহে গ্যারেজ মালিক রাজ্জাকসহ তিনজনকে গণধোলাই দিতে থাকে। এই ফাঁকে চম্পট দেয় চোর মানিক।
জনতা পিটিয়ে গুরুতর আহত করে অনতিদূরে দাঁড়িয়ে থাকা পুলিশের কাছে সোপর্দ করে তিনজনকে। সেখানে দায়িত্বে থাকা শাহবাগ থানার এসআই মোশাররফ গুরুতর আহত অবস্থায় তাদেরকে আটক করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আসল ঘটনা জানতে পারে।
এআর





