চাঁদপুর থেকে রাজধানীর যাত্রাবাড়ীর উদ্দেশে নিয়ে যাওয়ার পথে ট্রাকবোঝাই ৫০ টণ জাটকা জব্দ করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বুধবার (২০ এপ্রিল) সকাল ৯টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে এসব জাটকা জব্দ করা হয়।

এ সময় ট্রাকের চালক, হেলপার ও এক ব্যবসায়ীকে আটক ‍করা হয়।

পরে দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ব্যবসায়ী শাহজালাল বেপারীকে দেড় বছর, ট্রাক চালক আশরাফ আলীকে এক বছর ও হেলপার ফজলে রাব্বিকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।

এছাড়াও তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত শাহজালাল চাঁদপুর শহরের যমুনা রোডের আবুল হাশেম বেপারীর ছেলে, চালক আশরাফ আলী ঢাকার কামরাঙ্গিরচরের আপেল উদ্দিনের ছেলে এবং হেলপার ফজলে রাব্বি ঢাকা দোলাইখাল এলাকার জাকির হোসেনের ছেলে।

চাঁদপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, জব্দকৃত জাটকা মৎস্য বিভাগে হস্তান্তর করা হয়েছে এবং ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

এমই