শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুল হাসানের বাবা হাফিজ আতিকুর রহমান ও মা মিনারা বেগম থানায় আত্মসমর্পণ করেছেন।
রোববার রাত পৌনে ১১টার দিকে সিলেট মহানগরের জালালাবাদ থানায় আত্মসমর্পণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার।
এর আগে জাফর ইকবালের উপর হামলার পর শনিবার রাত সাড়ে ১০টায় হামলাকারীর মামাকে ফজুলর রহমানকে নিজ বাসা থেকে র্যাব-পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায়।
এদিকে হামলার ঘটনায় সন্ধ্যায় শাবিপ্রবি প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আবদুল গনিকে এ কমিটির প্রধান করা হয়েছে।
এ ছাড়াও রাতে পুলিশের দুই সদস্যকে দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার করা হয়। তারা মুক্তমঞ্চে অনুষ্ঠান চলাকালে মোবাইল ফোন ব্যবহার করছিলেন।
রোববার বিকেলে বিশিষ্ট লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। এরপরই পুলিশ ফয়জুর রহমানকে হাসপাতালে ভর্তি করে। আহত অবস্থায় ফয়জুরকে গ্রহণ করে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফয়জুর রহমানের অতর্কিত হামলায় ছুরিকাহত হন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের বাসায় তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বাসাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার।
জেড





