রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
মতিঝিল
মতিঝিল এলাকার রাজউক ভবনের সামনে দুটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একটি বিআরটিসির বাস আর অন্যটি প্রাইভেটকার। মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট পৌছে আগুন নেভানোর চেষ্টা চলাচ্ছে। তবে এর আগেই গাড়ি গুলোর বেশির ভাগ অংশ পুড়ে যায়।
বংশাল
বংশাল থানা এলাকার তাঁতিবাজারে আরো একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুপরে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে বংশাল থানার অফিসার ইন চার্জ (ওসি) কুদ্দুস মিয়া বলেন, ‘যাত্রী বেশে বাসে উঠে কয়েকজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে চলে যান। পরে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়।’
কদমতলী
মঙ্গলবার সকালে রাজধানীর কদমতলীর লাল মসজিদের সামনে পুলিশের একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মনোয়ার হোসেন (৪০) নামে এক আনসার সদস্য দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ পুলিশ বহনকারী লেগুনায় হামলা চালায়। তারা গাড়ির সামনের গ্লাস ভাংচুর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত কেটেপড়ে।
তিনি জানান, এ সময় মনোয়ার হোসেনের মুখ ঝলসে যায় এবং দুই হাত দগ্ধ হয়। তিনি বর্তমানে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
এদিকে, কদমতলী থানার ওসি আবদুস সালাম মিয়া বলেন, পুলিশের টহল লেগুনাতে পেট্রোল ঢেলে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা চালায়। যারা আগুন দেওয়ার চেষ্টা করে তাদের মধ্যেও একজন দগ্ধ হয়েছে।
তবে এ ঘটনায় পুলিশ কেউকে আটক করতে পারেনি বলে জানান তিনি।
শাহবাগ
রাজধানীর শাহবাগে শিকড় পরিবহণের যাত্রাবাহী একটি বাসে আগুন দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

শিকড় পরিবহণের (ঢাকা মেট্রো ব-১১-৩৬২৩) বাসটি শাহবাগ মোড় দিয়ে গুলিস্তানের দিকে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে থাকা পুলিশের এএসআই ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে তারা আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
প্রেসক্লাব
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতারের পর জাতীয় প্রেসক্লাবের কাছে কদম ফোয়ারায় দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ফখরুলকে গোয়েন্দা পুলিশ এদিক দিয়েই নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করতে পারে নি পুলিশ।
সেখানে কর্তব্যরত পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. শাহিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গুলিস্তান
রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার গুলিস্তান মোড়ে সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হকি স্টেডিয়ামের সামনে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান শাহজাদী সুলতানা।
মহাখালী
রাজধানীর মহাখালীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জিয়াউর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহখালী রাজস্থান হোটেলের সামনে ৬টা ১০মিনিটের দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।
এএইচ/কেএইচ





