মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম আরিফ (৩৫) ওরফে বাবা আরিফ নিহত হয়েছেন।  পুলিশের দাবি, নিহত আরিফ মাদক, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি’সহ ১২ মামলার আসামি। 

বুধবার (২৬ এপ্রিল) রাত ২টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের গজারিয়াকান্দি এলাকায় গেলে এ ঘটনা ঘটে। নিহত আরিফকে ‘বন্দুকযুদ্ধে’র আগে আটক করা হয়েছিল।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রাত ১টার দিকে আরিফকে ইয়াবা’সহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে ভিত্তিতে তার সহযোগী মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ধরতে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। উভয়পক্ষের গোলাগুলির সময় আরিফ গুলিবিদ্ধ হন।

ওসি আরও জানান, এ সময় পুলিশের দুই সদস্যও আহত হন। তাদেরকে তাৎক্ষণিক মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করে। তবে দুই পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি গুলির খোসা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বলেও জানান ওসি।

এমবি